চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশ: ১১:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অনিক চন্দ্র দাস। ২০২৪ সালের মে মাসে তাঁর ডান পায়ের হাঁটুতে ক্যান্সার শনাক্ত হওয়ার পর ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর মৃত্যুতে আইইআরের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অন্যদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিজ শাহরিয়ার সানম। দুপুর দেড়টার দিকে কাপ্তাইয়ের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করে।
দুই শিক্ষার্থীর মৃত্যুর পর সোমবার (২১ সেপ্টেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, “অনাকাঙ্ক্ষিত অকালমৃত্যু সবসময়ই বেদনাঘন। এসব মৃত্যু শুধু কায়া ও ছায়ারই তিরোধান ঘটায় না, বরং এক একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যতেরও যবনিকাপাত ঘটায়।”
শোকবার্তায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একের পর এক অকালমৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এতে অনিক চন্দ্র দাস ও সাদিজ শাহরিয়ার সানমের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়াও মহান সৃষ্টিকর্তার কাছে তাঁদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত স্বজনদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেছে নিষিদ্ধ সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
শীর্ষ সংবাদ: