জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী

ডিআইইউ প্রতিনিধি: 

প্রকাশ: ২২:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারীদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে গঠিত শুনানি বোর্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুনানিতে অভিযুক্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে অনুতপ্ত হন। পরে মুচলেকা নেওয়ার মাধ্যমে তাকে এক মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুনানি বোর্ডে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন শোভন এবং সহকারী প্রক্টর ড. শামীম হামিদী।

সভা সূত্রে জানা গেছে, অভি ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পাশাপাশি জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া নারীদের নিয়েও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শুনানিতে অভি ইসলাম ও তার বাবা উপস্থিত ছিলেন। সেখানে অভিযুক্ত শিক্ষার্থী নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন।

শুনানিতে অভি ইসলাম বলেন, ‘আমি প্রচলিত আইনে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের হয়ে কার্যক্রম করেছি এবং আইনশৃঙ্খলা ভঙ্গ করেছি। ভবিষ্যতে এ ধরনের কাজ করব না বলে মুচলেকা দিচ্ছি।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, ক্যাম্পাসে কোনো সমস্যা দেখা দিলে প্রায়ই ডিনদের নেতৃত্বে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, প্রশাসনিকভাবে প্রক্টর অফিসের বিষয়গুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা প্রয়োজন।

এক শিক্ষার্থী বলেন, ‘বিষয়টি প্রক্টর অফিসে সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সমাধান না হওয়ায় ডিন স্যারের নেতৃত্বে শুনানি বোর্ড গঠন করা হয়েছে। প্রশাসনিক প্রধান হিসেবে প্রক্টরের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।’

এ বিষয়ে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘মূলত তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ভঙ্গ এবং ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। সুতরাং তাকে এক মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা জানান, অভিযুক্ত শিক্ষার্থীর বাবার অনুরোধ ও মানবিক দিক বিবেচনা করে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: