শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ১৬:৪২, ১১ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে প্রথম কার্যনির্বাহী সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সংগঠনের আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন, চাঁদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল নোমান যৌথ বিবৃতিতে বলেন, “তিতুমীর কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে একটি ঐক্যবদ্ধ, শিক্ষার্থীবান্ধব ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই, চাঁদপুর থেকে আগত কোনো শিক্ষার্থী যেন প্রয়োজনের সময় নিজেকে একা মনে না করে। শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা পদ-পদবির চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দিতে চাই। সংগঠনের প্রতিটি সদস্যের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে আগামী এক বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেও এ ধরনের কর্মসূচি ভূমিকা রাখবে।"
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় তিতুমীর কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে পরিষদটি কার্যকর ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টাবৃন্দ আক্তার হোসেন, সোহাগ হোসেন, জাকির হোসেন জ্যাক প্রমুখ।