যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২১, ১৩ অক্টোবর ২০২৬

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই

অভিনেতা সমু চৌধুরী যশোর শহরে হামলার শিকার হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক হোসেন।

সমু চৌধুরী ওই এলাকার প্রয়াত আবুল কাশেম চৌধুরীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে সমু চৌধুরী বলেন, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলায় মোটরসাইকেল গ্যারেজের মালিক হৃদয়ও জড়িত বলে দাবি অভিনেতা সমু চৌধুরীর।

তবে গ্যারেজ মালিক হৃদয়ের দাবি, হামলার ঘটনায় তিনি জড়িত নন। তবে জাহাঙ্গীর ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকার করেন তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ওসি ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন