জবি প্রতিনিধি:
প্রকাশ: ২০:৪২, ১২ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সিন্ডিকেটের সিদ্ধান্তে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাতিল হওয়া ছুটি আগামী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।
প্রশাসনের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য, শীতকালীন ছুটি শুধু ক্লাস ও পরীক্ষা থেকে বিরতি পাওয়ার সময় নয়, বরং পরিবারের কাছে ফেরার এবং দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে সময় কাটানোর একটি বিশেষ সুযোগ। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা শিক্ষার্থীদের কাছে এ ছুটির আলাদা গুরুত্ব রয়েছে। অন্য সময়ে ছুটি স্থানান্তর করলে সেই সুযোগ আর আগের মতো থাকবে না।
শিক্ষার্থীদের মতে, শীত মৌসুমে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকের ব্যক্তিগত টিউশনিও বন্ধ থাকে। ফলে এ সময় বাড়িতে যাওয়াটা তুলনামূলক সহজ হয়। পাশাপাশি শীতের পিঠা-পুলি, পারিবারিক অনুষ্ঠান ও গ্রামীণ নানা আয়োজনের সঙ্গে ছুটিটির আবেগের সম্পর্ক রয়েছে। রমজানে ছুটি পেলেও শীতকালীন অবকাশের এসব অভিজ্ঞতা ফিরে পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বলেন, ‘শীতকালে সবার ছুটি থাকার কারণে টিউশনি থাকে না। তাই প্রায় সবাই গ্রামে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে এই ছুটি বাতিল করে? কোনো শিক্ষার্থী কিংবা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে হুট করে সিদ্ধান্ত নেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। আমি মাননীয় উপাচার্য স্যারকে বলব, সিদ্ধান্তটি আবার পুনর্বিবেচনা করুন। শীতের ছুটি গরমকালে দিয়ে আমরা কী করব?’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা না করে প্রশাসনের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, শীতকালীন ছুটি শীতকালেই হওয়া প্রয়োজন। ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও আয়োজকদের। সে কারণে ভর্তি পরীক্ষার আয়োজনের জন্য সাধারণ শিক্ষার্থীদের ছুটি বাতিল করাকে যৌক্তিক মনে করেন না তিনি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, অথচ আমাদেরও এ বিষয়ে কিছু জানানো হয়নি। আমি ফেসবুকেই সিদ্ধান্তের বিষয়টি জানতে পেরেছি। এর আগেও প্রশাসন এ ধরনের কাজ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব। তাদের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষা আয়োজনের স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নিতে পারে। তবে সে কারণে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক সুযোগ-সুবিধা উপেক্ষা করা উচিত নয়। তাঁদের মতামত ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।