আহমেদ বায়েজিদ, বরিশাল:
প্রকাশ: ১৬:২৯, ১৩ নভেম্বর ২০২৬
বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বরিশাল নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। ঢাক-ঢোলের বাদ্য, বর্ণিল সাজসজ্জা, আনন্দ-উচ্ছ্বাস আর প্রাক্তন ছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতিতে র্যালিটি যেন ফিরে পেয়েছিল বিদ্যালয়ের শত বছরের গৌরবগাথা। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য আজ অত্যন্ত গৌরবের দিন। দুই দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়া, পুরোনো স্মৃতি ভাগাভাগি করা—সব মিলিয়ে এটি যেন এক বিশাল মিলনমেলা। এমন আয়োজন সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।
র্যালিতে অংশ নেওয়া প্রাক্তন ছাত্রীদের চোখেমুখেও ছিল আনন্দ আর আবেগের ছাপ। তাঁদের অনেকের কাছেই এই বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর স্মৃতিবিজড়িত ঠিকানা।
প্রাক্তন ছাত্রী ইসরাত জাহান ভাবনা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘জীবনের কতগুলো বছর পেরিয়ে গেছে, সংসার, সন্তান, কর্মব্যস্ততা—সব মিলিয়ে নিজের স্কুলজীবনের দিনগুলো যেন অনেক দূরে চলে গিয়েছিল। আজ আবার সেই প্রিয় বিদ্যালয়ে এসে মনে হচ্ছে, যেন সময় পেছনে ফিরে গেছে। যাদের সঙ্গে একসময় একই বেঞ্চে বসেছি, একসঙ্গে টিফিন ভাগ করে খেয়েছি, আজ এত বছর পর তাদের কাছে পেয়ে ভাষায় প্রকাশ করার মতো আনন্দ হচ্ছে না।
আরেক প্রাক্তন শিক্ষার্থী মিম ইসলাম বলেন, ‘স্কুলের সেই ঘণ্টা, ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে গল্প, শিক্ষকদের শাসন, পরীক্ষার আগের ভয়—সবকিছুই আজ খুব মনে পড়ছে। তখন হয়তো বুঝিনি, এই দিনগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। শতবর্ষের এই আয়োজনে এসে আবারও উপলব্ধি করছি, স্কুলের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু শিক্ষাজীবনের নয়, এটি আমাদের শেকড়ের সম্পর্ক।’
অন্য এক সাবেক ছাত্রী জান্নাত বলেন, ‘আমরা যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছি। কেউ দেশের বিভিন্ন প্রান্তে, কেউবা বিদেশে রয়েছেন। কিন্তু এই বিদ্যালয়ের ডাক আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে এসেছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, স্মৃতির ঝাঁপি খুলছে। মনে হচ্ছে, আমরা আবার সেই স্কুলজীবনে ফিরে গেছি। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে সত্যিই গর্বিত।’
প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই জানান, জীবনের নানা পর্যায়ে তাঁরা বিভিন্ন পরিচয়ে প্রতিষ্ঠিত হলেও নিজেদের পরিচয়ের একটি বড় অংশজুড়ে রয়েছে এই বিদ্যালয়। এখানকার শিক্ষা, শৃঙ্খলা, শিক্ষকদের আদর্শ এবং সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব তাঁদের জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শতবর্ষের এই আয়োজন তাঁদের কাছে তাই নিছক উৎসব নয়, বরং নিজের শেকড়ের কাছে ফিরে আসার এক বিরল সুযোগ।
শুধু র্যালি নয়, দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছর পূর্তি মানে কেবল সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো শিক্ষার্থীর বেড়ে ওঠা, অসংখ্য মানুষের স্বপ্ন, অর্জন, সংগ্রাম আর স্মৃতির ইতিহাস। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনও হয়ে উঠেছে তেমনই এক আবেগঘন অধ্যায়—যেখানে প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীরা ফিরে পেয়েছেন তাঁদের প্রিয় শৈশব, কৈশোর আর জীবনের এক অবিচ্ছেদ্য ঠিকানা।