দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি:

প্রকাশ: ১৮:২১, ১৫ নভেম্বর ২০২৬

দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে অবস্থান কর্মসূচি

দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
​
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দেন। প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে কর্মচারীদের পক্ষে হাবিবুর রহমান বলেন, “আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের প্রধানের দেশে আসার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়ে জনমনে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অগ্রগতি বজায় রাখতে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।”

ডেপুটি রেজিস্ট্রার মোশারফ হোসাইন বলেন, “আমরা দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল দেখতে চাই এবং রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে চাই। আমরা আর গার্মেন্টস, বাস কিংবা চলন্ত ট্রাকে আগুন দেখতে চাই না। ভবিষ্যতে কেউ সন্ত্রাস ও নাশকতা করতে চাইলে ছাত্র-জনতা ও দেশবাসীকে সাথে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।”
​
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দীন বলেন, “দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। কিন্তু পতিত স্বৈরাচারী গোষ্ঠীর নেতাকর্মী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সাধারণ মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ফাটিয়ে নৈরাজ্য তৈরির পাঁয়তারা করছে।”

শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, আমি মনে করি যে, সকলেই একটা জায়গায় পরিষ্কার যে, আমরা চাই একটা সচেতন নাগরিকদের সমন্বিত কাজের মাধ্যমে একটা সহজ স্বাভাবিক বাংলাদেশ। তো এইটার জন্য যা করণীয় আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও এইটার জন্য কাজ করবেন এবং কথা বলবেন।'
​
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহদাৎ হোসাইন বলেন, “১৭ বছরের অপশাসন, অর্থ পাচার ও দুর্নীতি প্রতিহত করতে ২৪-এর জুলাই-আগস্টে ১৪০০-এর অধিক ছাত্র-জনতার আত্মাহুতির বিনিময়ে দেশ রক্ষা পেয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক আবহ ফিরে এলেও পরাজিত ও বিতাড়িত বিশেষ গোষ্ঠী তা নস্যাৎ করার ষড়যন্ত্র চালাচ্ছে। সব ধরনের অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে কুবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অতীতে সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন