বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
বরং বছর পেরোনোর সঙ্গে তদন্তের গতিপথ বদলেছে। এসেছে একাধিক তদন্ত প্রতিবেদন, আদালতের বিভিন্ন নির্দেশনা এবং নতুন মামলা। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালে এসে ওই মামলায় গ্রেপ্তার হয়েছেন খল অভিনেতা ডন।
সালমান শাহর পরিবার শুরু থেকেই তাঁর মৃত্যুকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে। তবে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং সর্বশেষ পিবিআইয়ের তদন্তে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
তবে পরিবারের নারাজি, রিভিশন আবেদন এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালে আদালতের নির্দেশে ঘটনাটি পুনরায় হত্যা মামলা হিসেবে তদন্তের আওতায় আসে। সেই মামলায় ২০২৬ সালে ডন গ্রেপ্তার হওয়ার পর সালমানের সঙ্গে তাঁর পুরোনো বন্ধুত্বও আবার আলোচনায় উঠে এসেছে।
১৯৯৬: যে মৃত্যু পাল্টে দেয় সব হিসাব
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তখন দেশের চলচ্চিত্র অঙ্গনে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক ও স্তব্ধতা নেমে আসে পুরো চলচ্চিত্রজগতে।
ছেলের মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেছিলেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে ১৯৯৭ সালের ২৪ জুলাই ওই অভিযোগকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।
১৯৯৭: সিআইডির তদন্তে ‘আত্মহত্যা’
অপমৃত্যুর মামলার পাশাপাশি হত্যার অভিযোগও তদন্তের জন্য আদালত সিআইডিকে নির্দেশ দেয়। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। সেখানে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।
সিআইডির সেই প্রতিবেদন মেনে না নিয়ে রিভিশন মামলা করেন তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। এরপর থেকেই সালমানের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু হওয়া আইনি লড়াই দীর্ঘায়িত হতে থাকে।
২০০৩-২০১৪: বিচার বিভাগীয় তদন্তেও হত্যার প্রমাণ মেলেনি
সিআইডির প্রতিবেদন নিয়ে আপত্তি ওঠার পর ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রায় ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট সেই তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়। সেখানেও হত্যার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এতেও সালমানের পরিবারের আইনি লড়াই থেমে যায়নি।
২০১৫: নীলা চৌধুরীর নারাজি
সালমান শাহর বাবা মারা যাওয়ার পর তাঁর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর রহস্য উদঘাটনের আইনি লড়াই চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদনের বিরুদ্ধে তিনি নারাজি আবেদন করেন।
১১ জনের নাম উল্লেখ করে নীলা চৌধুরী অভিযোগ করেন, তাঁর ছেলেকে হত্যার ঘটনায় তাঁরা জড়িত থাকতে পারেন। এরপর মামলাটির তদন্তভার র্যাবের কাছে দেওয়া হয়।
২০১৬: র্যাবের তদন্ত স্থগিত, দায়িত্ব পিবিআইয়ের
র্যাব তদন্ত শুরু করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েশ র্যাবকে মামলাটির তদন্ত আর না করার নির্দেশ দেন।
এরপর মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইকে। দেশ রূপান্তর
২০২০: পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন
চার বছর ধরে তদন্ত চালানোর পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৫৪ জন সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ এবং জব্দ করা আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পিবিআইয়ের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। সেখানে পারিবারিক বিরোধ এবং চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাসহ বিভিন্ন বিষয়কে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল।
পিবিআইয়ের ওই প্রতিবেদনেও সন্তুষ্ট হতে পারেননি নীলা চৌধুরী। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তিনি আরও তদন্তের দাবি জানান।
২০২১: আসামিদের অব্যাহতি
২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার আসামিদের অব্যাহতির আদেশ দেন।
তবে এখানেও শেষ হয়নি সালমান শাহর পরিবারের আইনি লড়াই।
২০২৫: ‘আত্মহত্যা’ থেকে পুনরায় হত্যা মামলা
পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে আবারও মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়।
২০২৫ সালের অক্টোবরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সেই রিভিশন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে সালমানের বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা করার নির্দেশ দেওয়া হয়। এরপর রমনা থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়।
এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
ডন: ঘনিষ্ঠ বন্ধু থেকে হত্যা মামলার আসামি
সালমান শাহর সঙ্গে আশরাফুল হক ডনের বন্ধুত্বের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। ২০২০ সালে পিবিআই হত্যার অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা জানালে ডন বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’
তখন তিনি আরও বলেছিলেন, ‘২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে আমাকে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরে ছিলাম। সত্য কোনো দিন মিথ্যা হয় না। মিথ্যাকেও কোনো দিন জোর করে সত্যি বানানো যায় না।’
তবে ওই বক্তব্যের ছয় বছর পর পাল্টে যায় পরিস্থিতি। ২০২৬ সালে সালমান শাহ হত্যা মামলায় ডনকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে নেওয়া হয় এবং তাঁর জামিনও নামঞ্জুর করা হয়।
মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, ‘রেজভী নামে এক আসামির বক্তব্যে ডনের সম্পৃক্ততা আসে। আমরা চাই, আসামিরা গ্রেপ্তার হোক এবং মামলার বিচার দ্রুত শেষ হোক।’
তবে বর্তমানে ডন শুধু হত্যা মামলার একজন আসামি। আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। মামলার তদন্তও চলমান রয়েছে।
২০২৬: তিন দশক পরও বিচারের অপেক্ষা
৩০ বছর পর সালমান শাহর মৃত্যুর মামলা আবারও তদন্তের কেন্দ্রবিন্দুতে এসেছে। ডন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। সর্বশেষ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে।
সালমান শাহর মা নীলা চৌধুরী বর্তমানে লন্ডনে রয়েছেন। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পরও তাঁর প্রত্যাশা একটাই, ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হোক এবং বিচার নিশ্চিত হোক।
নীলা চৌধুরী বলেন, ‘আশায় আছি, মামলার তদন্ত শেষ হবে, বিচার হবে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আসামিরা দেশে আছে, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বুঝতে পারছি না। ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না? আসামিদের তো দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে। তার মানে তারা দেশেই আছে। তারপরও কেন গ্রেপ্তার হচ্ছে না?’
তিনি আরও বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নিলে হত্যার সব রহস্য বেরিয়ে আসবে। আশা করছি, তদন্ত সংস্থা আসামিদের দ্রুত গ্রেপ্তার করবে এবং মামলার তদন্ত শেষ করবে।’
অন্যদিকে তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, ‘তদন্ত চলছে। এক আসামি গ্রেপ্তার হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, ৩০ বছরের দীর্ঘ এই ঘটনায় একাধিক তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের দীর্ঘ আইনি লড়াইয়ের পর ঘটনাটি আবারও হত্যা মামলা হিসেবে তদন্তের আওতায় আসে। ফলে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণের চূড়ান্ত উত্তর এখনো চলমান তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।