ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৬, ১ মার্চ ২০২৬

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নিহত

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে, যদিও তাৎক্ষণিকভাবে নিহতের নাম প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহতের নাম সালেহ আহমেদ। তিনি আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার ইফতারের পর তিনি কাজের জন্য বের হলে বিস্ফোরণে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আকাশে উজ্জ্বল আগুনের মতো কিছু দেখে মুহূর্তেই বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ মাটিতে পড়ে আছেন এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

পরবর্তীতে সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়ে তাঁকে হাসপাতালে পাঠান। রোববার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা নেই।

নিহত সালেহ আহমেদের পরিবারে মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন