নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৬, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞান সচিব বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না। ক্যান্সারসহ বিভিন্ন রোগ নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় প্রিসিশন মেডিসিনের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ উন্নত চিকিৎসাসেবার আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, প্রিভেন্টিভ ও প্রিসিশন মেডিসিনের পাশাপাশি দেশের তরুণ জনশক্তি ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন ওষুধ উদ্ভাবন এবং শিল্পের বিকাশ ঘটাতে হবে। যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা গেলে স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ উৎপাদন সম্ভব। এসব ওষুধ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে।
আনোয়ার হোসেন বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির যথাযথ প্রয়োগ দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ. এস. এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।
অনুষ্ঠানে জানানো হয়, ৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।