বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৫, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৭, ১৫ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বৈজ্ঞানিক সেমিনার, জনসচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।

শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে রেনাটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

সকালে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত হাসপাতালের সামনে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মিরপুরের সেকশন-৬, ব্লক-এ অবস্থিত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে একটি বৈজ্ঞানিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মুসা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হোসেন।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা ও উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহ্উদ্দীন, উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান, প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, বিভাগীয় প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

এদিকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা, মিরপুর-১০ এবং আলোক জেনারেল হাসপাতাল, মিরপুর-৬ প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং রক্তচাপ পরিমাপের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা করার সুযোগ পান।

ক্যাম্পে ফাস্টিং ব্লাড সুগার (এফবিএস), র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), সিবিসি, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/এম/ই পরীক্ষা করা হয়। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় এবং বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা ছিল।

আয়োজকরা জানান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের বৈজ্ঞানিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন