হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪০, ২৭ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জনে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে সাতজন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন মৃত্যুবরণ করেছে।

সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ২৭২ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৬ জনের।

এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ২৭৩ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭, সিলেটে ৩১ এবং চট্টগ্রাম ও খুলনায় ১০ জন করে আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫৩৮, চট্টগ্রামে ১৯৬, সিলেটে ১৭৩, বরিশালে ১৪৪, খুলনায় ৭২, ময়মনসিংহে ৮৬, রংপুরে ১৯ ও রাজশাহীতে ৪৫ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।

উল্লেখিত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ২০২ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৭২ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ ও রংপুর বিভাগে ২০ জন মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৯ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।

আরও পড়ুন