ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৮, ১৪ অক্টোবর ২০২৬

ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়বে

ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে। এজন্য ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। এসব পরীক্ষাগারে বিভিন্ন নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমের জন্য প্রতিবেদন দেওয়া হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষাগারগুলোর সক্ষমতা ও কার্যক্রমের পরিসর বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিচারব্যবস্থায় মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি যথাযথ সনদ ও প্রতিবেদন দেওয়া সম্ভব হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যুগের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে। আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ বন্ধ ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমানভাবে দক্ষ ও প্রস্তুত থাকবে। এ লক্ষ্যে পরীক্ষাগার সুবিধা, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও অন্যান্য লজিস্টিক সুবিধাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন