আলমগীর হোসেন (ফয়সাল), লক্ষ্মীপুর
প্রকাশ: ১১:০০, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৫, ১৭ অক্টোবর ২০২৬
গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার শাঁখারীপাড়ায় ত্রিনয়নী পৌর মহাশ্মশ্মান ঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের ভূমিকা নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকারি দলের যেমন নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে, বিরোধী দলেরও তেমন দায়িত্ব রয়েছে। শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে বিরোধী দল কতটুকু দায়িত্ব পালন করছে, সেটিও বিবেচনার দাবি রাখে। তাহলে এখন কেন লংমার্চ ও রোডমার্চ করতে হবে?
তিনি বলেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছে। হরতাল-অবরোধ করে শান্তিতে থাকতে না দেওয়া এবং দেশ অচল করে দেওয়ার কথা যারা বলত, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে একই।’
রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, রাজনৈতিক যুদ্ধ যেন আর করতে না হয়, সে চেষ্টা করতে হবে। জীবনযুদ্ধের মাধ্যমে দেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।
দুর্গাপূজা উদ্যাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ত্রিনয়নী পূজামণ্ডপের আয়োজকদের আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দিত। দুর্গাপূজার অন্যান্য দিনেও লক্ষ্মীপুর পৌরসভা ও মান্দারী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের চেষ্টা করবেন।
হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারি দলে থাকলেও আপনাদের পাশে ছিলাম, বিরোধী দলে অত্যাচার-নির্যাতন সহ্য করেও আপনাদের পাশে ছিলাম। কখনো পিছপা হইনি।’
বিগত নির্বাচনে সহযোগিতার কথা স্মরণ করে এ্যানি বলেন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁকে সহযোগিতা করেছিলেন। তাঁদের প্রতি তাঁর আস্থা রয়েছে। ভবিষ্যতেও তাঁরা পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসা। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।