ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৩৬, ১৯ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।”

তিনি বলেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে দেশের মানুষেরও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রয়েছে।

তারেক রহমান বলেন, “ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু রাষ্ট্রটা আমাদের সকলের। বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রটি আমাদের সকলের। এই দেশটিতে আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। এই দেশের প্রতি আপনার যেমন কর্তব্য আছে, আমারও এই দেশের প্রতি কর্তব্য আছে।”

নাগরিকদের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেওয়া। পাশাপাশি একে অপরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা সকলেই এই দেশের সন্তান, এই দেশের মানুষ, বাংলাদেশি। আমরা প্রত্যেকে মানুষ। এটি হচ্ছে আমাদের সবচেয়ে আগের পরিচয়। এখানে উপস্থিত আমরা প্রত্যেকেই বাংলাদেশি।”

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষের অবদান

মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার সময় মানুষ কারও ধর্মীয় পরিচয় জানতে চায়নি। স্বাধীনতার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনেও মানুষ একে অপরের ধর্মীয় পরিচয় জানতে চায়নি। সবাই মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিল।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সেদিনও বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে রাজপথে নেমে এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন।

তিনি জানান, ওই দিন তিনি ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এসেছেন। সেখানে বিভিন্ন ধর্মের মানুষের আত্মত্যাগের স্মৃতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

দেশের উন্নয়ন ও পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন হলে সব নাগরিকই উপকৃত হবেন। মানুষের ভালো থাকা কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় মুখ্য নয়; সবাই মানুষ।

তিনি বলেন, “আসুন, আমরা আমাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করি। একজন আরেকজনকে আমরা চিনি, জানি এই দেশের নাগরিক, বাংলাদেশি হিসেবে।”

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, দুর্গাপূজা আনন্দ ও মিলনমেলার উৎসব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন