আমরা সবাই বাংলাদেশি, সংখ্যালঘু বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩:০৬, ২০ অক্টোবর ২০২৬

আমরা সবাই বাংলাদেশি, সংখ্যালঘু বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের প্রধান পরিচয় তাঁরা বাংলাদেশি নাগরিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে আয়োজিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে একটি রাজনৈতিক মহল সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করেছে। তবে সাম্প্রতিক নির্বাচনে দেশের মানুষ নিজেদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উপাসনালয় ও সম্পত্তি দখল এবং সহিংসতার রাজনীতির সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, অর্পিত সম্পত্তি বেদখল ও মন্দির-সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সরকার কাজ করছে। এসব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব নাগরিকের সাংবিধানিক অধিকার ও সমান সুযোগ প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্য অতিথিরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন