মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উন্নয়নে উদ্যোগের আশ্বাস মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫৬, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৮, ২১ অক্টোবর ২০২৬

মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উন্নয়নে উদ্যোগের আশ্বাস মন্ত্রীর

মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে তাদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তারা তাকে সারা জীবন মনে রাখেন।

বুধবার (২১ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুরে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উদ্যোগে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি।

এ জন্য তাদের দাবি ও সমস্যার বিস্তারিত তথ্য লিখিতভাবে উপস্থাপন করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরবেন, যাতে বাস্তবসম্মত সমাধানের পথ বের করা যায়।

ফকির মাহবুব আনাম বলেন, আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে। তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকেরা তাদের প্রথাগত রীতিতে নেচে-গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন