সমবায় হতে পারে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের হাতিয়ার: আহম্মদ সোহেল

জাকির ফরাজী, পিরোজপুর

প্রকাশ: ১৬:৫৯, ৮ নভেম্বর ২০২৬

সমবায় হতে পারে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের হাতিয়ার: আহম্মদ সোহেল

সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য, আস্থা ও সম্মিলিত উন্নয়নের একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।

‎রবিবার (৮ নভেম্বর) পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের মূল দর্শন হচ্ছে ‘একতাই শক্তি, সম্মিলিত প্রচেষ্টাই সমৃদ্ধি’। অনেক মানুষের ব্যক্তিগতভাবে বিনিয়োগের মতো পুঁজি কিংবা ব্যবসা পরিচালনার সক্ষমতা নেই। কিন্তু সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন। পিরোজপুরের কৃষি, মৎস্য, পেয়ারা উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় উদ্যোক্তাদের বিকাশে সমবায়ভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা পংকজ কুমার চন্দ্র। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান।
‎
‎দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, সমবায়ীদের উদ্যোগে বিভিন্ন গ্রামীন উদ্যোগী প্রদর্শনী স্টল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন