নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪০, ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন, ৭ নভেম্বর সৌদি আরবে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু এবং ছয়জনের আহত হওয়ার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। আহত ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই কামনাও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহতদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া অব্যাহত থাকবে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের সহযোগিতার আশ্বাস দেন।