ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৪:০০, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
মন্ত্রী বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এটি বড় ও জটিল পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি বলেন, বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার প্রকল্পের কাজ শুরুর পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহসহ ঢাকার উত্তরের বিস্তৃত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা তাঁর জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনার উদ্যোগ রয়েছে।
কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটকদের যাতায়াত বাড়ানোই এসব উদ্যোগের লক্ষ্য। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব অঞ্চলের চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে প্রকল্প গ্রহণের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ উপজেলাকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে। নজরুল বর্ষ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। উন্নত ও শিক্ষিত সমাজ গঠনে মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের বিনিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন ও শিক্ষা খাতের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশে গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা বিস্তার ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।