নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি)
প্রকাশ: ২২:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিকেল ৫টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মুখে বিগত সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তারা বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা, গ্রেপ্তার, জেল-জুলুমসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। এরপরও বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের মানুষের অধিকার, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দলটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন, কোনো অপশক্তি যাতে দেশের স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ খাজার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি উমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।