মোঃ সাব্বির আহমেদ, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। স্ক্রুটিনি শেষে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমীন, বিএনপির বিকল্প প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট সমর্থিত দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত এই ছয়জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর সকাল থেকে ব্যালটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।