জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৬, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৬, ২৯ নভেম্বর ২০২৬
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধ ও সংঘর্ষের কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে এবং ককটেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন।
এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা নাওডোবা গোলচত্বরে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্টুরেন্ট ও পাশের আরেকটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করে।
ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছেন এবং একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। তবে অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না চালানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায় আওয়ামী লীগ নেতাদের। ফলে টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, “পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটানো হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সারারাত সতর্ক অবস্থানে ছিলাম এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে আমরা কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, এ ঘটনার জেরে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শীর্ষ সংবাদ: