জেজেইউয়ে বক্তারা 

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত না হলে ব্যর্থ হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫২, ২৯ নভেম্বর ২০২৬

গণমাধ্যম ফ্যাসিবাদমুক্ত না হলে ব্যর্থ হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা

গণমাধ্যমকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করা না গেলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, রাজনৈতিক নেতা, শিক্ষক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, ফ্যাসিবাদী বয়ান, রাজনৈতিক অসহিষ্ণুতা ও গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তারের প্রবণতা বন্ধ করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অবসান, দলটির নিষিদ্ধকরণ এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ যে নতুন রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রত্যাশা করেছিল, তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। গণমাধ্যমে পুরোনো রাজনৈতিক বয়ান ও প্রভাব বজায় থাকলে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। ফ্যাসিবাদবিরোধী লড়াই কেবল রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ রাখলে চলবে না, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও এর বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে হবে।

শনিবার রাজধানীর বিএমএ কনফারেন্স রুমে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল: জুলাই গণঅভ্যুত্থানে অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) এ বৈঠকের আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডব চলছে। এখন সময় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। এ জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গোপালগঞ্জে বিএনপির পাঁচজনের প্রাণ গেলে আওয়ামী লীগের ৫০ জনের প্রাণ যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণকে সঙ্গে নিয়েই সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগ আর কখনো আগের অবস্থানে ফিরতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, ফ্যাসিবাদ ফিরে এলে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক শক্তির ওপর ভয়াবহ দমন-পীড়ন নেমে আসবে। তাই ফ্যাসিবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের মতো। এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে হবে। বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। যে দল বা ব্যক্তি ফ্যাসিবাদী আচরণ করবে, তার বিরুদ্ধেই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমে আওয়ামী লীগের বয়ান বন্ধ করতে হবে এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে হবে। গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও শরীয়তপুরে সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই জামায়াত নেতা।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে। একবার সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে, আরেকবার জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের ধারায়। কিন্তু বিএনপি নিজেদের বিপ্লবী দল হিসেবে পরিচয় দিতে চায় না।

তিনি বলেন, বিএনপির ভেতরে আওয়ামী লীগ ও জামায়াতকে ঘিরে ভিন্নমত রয়েছে। আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে রাজনীতিতে ফিরে এলে বিএনপির অবস্থান কী হবে, সে প্রশ্নও সামনে এসেছে। রাজনৈতিক সুবিধার জায়গায় বিএনপি ও জামায়াতের মধ্যে ঐক্য দেখা গেলেও বৃহত্তর রাজনৈতিক প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। আওয়ামী লীগকে মোকাবিলায় বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক চিন্তক ও লেখক ফরহাদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে জনগণকে সঙ্গে নিয়েই লড়াই করতে হবে। রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠান এবং সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রে তার অবস্থান ও কার্যক্রমের কাঠামো নির্ধারিত হয়। তাঁর মতে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল নতুন রাষ্ট্র গঠন ও নতুন সংবিধান প্রণয়ন।

তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদের বীজ রোপিত রয়েছে। এ সংবিধান প্রণয়নের সময় জনগণের প্রত্যাশা ও মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে তিনি দাবি করেন। তাঁর মতে, পুরোনো রাষ্ট্রকাঠামো বহাল রেখে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়।

ফরহাদ আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পরিবর্তে উপদেষ্টা সরকার গঠনের মধ্য দিয়ে পুরোনো নীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ভারতের অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগকে সাধারণ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করলে ভুল হবে। দলটির মধ্যে এমন এক ধরনের আনুগত্যের সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে শীর্ষ নেতৃত্বের বক্তব্য তৃণমূল পর্যন্ত প্রশ্নহীনভাবে অনুসরণ করা হয়।

তিনি বলেন, ঘৃণা, অপপ্রচার ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের সংস্কৃতির মধ্য দিয়েই আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাঁর মতে, ১৯৭২ সালের সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদী শাসনের ভিত্তি তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ সংবিধান নিয়ে যে সমালোচনা করেছিলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে সেই অবস্থানের তাৎপর্য উপলব্ধি করতে হবে।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে ড. দিলারা চৌধুরী বলেন, স্বৈরাচারী শাসনের অন্যতম কৌশল হলো গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নিজেদের পক্ষে বয়ান তৈরি করা। আওয়ামী লীগের আমলে অনুগত গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশের মাধ্যমে সেই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ গণমাধ্যমের এই সংস্কৃতি থেকে মুক্তির প্রত্যাশা করলেও সেই পরিবর্তন এখনো পুরোপুরি দৃশ্যমান নয়।

তিনি বলেন, গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে ফ্যাসিবাদী প্রবণতা আবারও ফিরে আসার সুযোগ তৈরি হবে। রাজনৈতিক ঐক্য ও গণমাধ্যমের স্বাধীন ভূমিকার মাধ্যমেই এ পরিস্থিতি মোকাবিলা সম্ভব।

বৈঠকে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম, শিক্ষক ও গবেষক ড. শিব্বির আহমেদ, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জ্যেষ্ঠ সাংবাদিক ও আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আজমী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সাইফুর রহমান সাগর। সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক তালুকদার রুমি।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, গণমাধ্যমের স্বাধীনতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। গণমাধ্যমকে দলীয় প্রভাব ও ফ্যাসিবাদী বয়ান থেকে মুক্ত করে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতার পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশিত পরিবর্তন অধরাই থেকে যাবে।

আরও পড়ুন