গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ১১:৫১, ২৮ নভেম্বর ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরাও জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে।

শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম ও ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে—শিল্পমালিকদের এ বক্তব্য সত্য। তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকরা কঠোর পরিশ্রম ও ঘামের বিনিময়ে শিল্পকে টিকিয়ে রাখলেও তাদের ন্যূনতম অধিকার দিতে মালিকপক্ষ অনীহা দেখায়। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবার ও অসুস্থতায় চিকিৎসার অধিকার নিশ্চিত করতে পারে না, তা প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এসব ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ সরকারকে আধিপত্যবাদী শক্তির দালাল হিসেবে আখ্যায়িত করবে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইলেও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ কখনোই দিল্লির আধিপত্য মেনে নেবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, রাষ্ট্রকে অগ্রগামী হয়ে শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে আধিপত্যবাদী শক্তির কালো থাবা থেকে দেশকে রক্ষায় শ্রমিক-জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। শাহজাহান চৌধুরী এমপি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন ও শফিউল আলম প্রমুখ।

সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে ২০২৭-২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুনর্নির্বাচিত হন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইছহাক।

আরও পড়ুন