৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৪, ৫ মার্চ ২০২৬

৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে শিশু হাফেজ আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দিত।

আবু বকর সিদ্দিক সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামের হাজী মুখলেছুর রহমানের বাড়ির সন্তান। তিনি কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগ থেকে মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, সিদ্দিকের পরিবারে ৬-৭ জন ইতিমধ্যে কোরআনের হাফেজ।

শিশু হাফেজ আবু বকর সিদ্দিক বলেন, “ছোটবেলা থেকেই আমি কুরআন তিলাওয়াত করতে ভালোবাসি। শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অনুপ্রেরণায় নিয়মিত অনুশীলন করেছি। ভবিষ্যতে একজন বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হতে চাই।”

তার বাবা মো. বেলাল উদ্দিন বলেন, “ছেলের মধ্যে ছোটবেলা থেকেই কুরআনের প্রতি আগ্রহ দেখেছি। আল্লাহর রহমতে এত অল্প সময়ে সে পুরো কুরআন মুখস্থ করতে পেরেছে। আমি চাই সে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে দ্বীনের খেদমত করুক।”

মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ মুনাওয়ার ও সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, পরিবারের সহায়তা ও নিয়মিত অধ্যবসায়ের কারণে সিদ্দিক দ্রুত কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। স্থানীয়রা তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

আরও পড়ুন