প্রকাশ: ২১:২২, ৭ মে ২০২৫ | আপডেট: ১২:৪২, ২৮ আগস্ট ২০২৫
ইমন চৌধুরী ঃ
মাইজভান্ডার দরবার, আমিরভান্ডার দরবার ও ঐতিহ্যবাহী ষোলশহর জামেয়া মাদ্রাসার বিরুদ্ধে মদুদিবাদীদের মিথ্যাচার ও পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে সুন্নী আন্দোলন বাংলাদেশ ও ইনসানিয়াত বিপ্লব পরিষদ।
আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক সুন্নী আলেম, ছাত্র, সমাজকর্মী এবং সেনা-ফ্রন্টের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে সুন্নী তরিকতের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য, ভিডিও ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে দেশের ধর্মীয় সম্প্রীতিকে বিঘ্নিত করার উদ্দেশ্যে বিভিন্ন দরবার শরীফ ও মাদ্রাসার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
এছাড়াও বক্তারা সম্প্রতি সুন্নী আলেম ও কর্মীদের উপর মদুদিবাদী হামলার নিন্দা জানান এবং পুলিশ কর্তৃক নিরপরাধ কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, "সুন্নী তরিকতপন্থীদের কণ্ঠরোধ করা ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব হামলা ও গ্রেফতার চালানো হচ্ছে, যা স্বাধীন মতপ্রকাশের চরম লঙ্ঘন।"
মানববন্ধন থেকে বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে:
১. মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি
২. মদুদিবাদী গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত ও বিচার
৩. দরবার ও আলেমদের সম্মান রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ
৪. অপপ্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা
৫. শান্তিপূর্ণ ধর্মীয় চর্চার পরিবেশ নিশ্চিতকরণ
বক্তারা আরও জানান, দাবি পূরণ না হলে সারা দেশে কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল দৃঢ় প্রত্যয় ও উত্তেজনা। পুলিশের একটি দল ঘটনাস্থলে নিরাপত্তা বজায় রাখে।