রুবায়েত শফিক
প্রকাশ: ১৩:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ব্রিজ নির্মাণে অনিয়ম আর নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুই দিনে এলজিইডির প্রকৌশলীসহ তিন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
টাঙ্গাইলের বাসাইলে ব্রিজের কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় কার্যসহকারী হাসমত আলীকে বরখাস্ত করা হয়েছে। আর নোয়াখালীর বেগমগঞ্জে রড ছাড়াই ব্রিজের ঢালাইয়ের অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মাহিন উদ্দিনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলজিইডির নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডলকেও কৈফিয়ত তলব করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বেগমগঞ্জের ব্রিজ নির্মাণে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সরকারি অর্থের অপচয় ও জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। পাশাপাশি ঠিকাদারের সঙ্গে যোগসাজশের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
উপ-সহকারী প্রকৌশলী নাজমুল ইসলামকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই ঘটনাতেই ঊর্ধ্বতন প্রকৌশলীদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এদিকে, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শীর্ষ সংবাদ: