নতুন করে শনাক্ত রেড পাম উইভিল, ঝুঁকিতে চিৎলা ফার্মের তালগাছ

মামুন অর রশিদ বিজন, মেহেরপুর:

প্রকাশ: ১৪:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

 নতুন করে শনাক্ত রেড পাম উইভিল, ঝুঁকিতে চিৎলা ফার্মের তালগাছ

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ফার্মে বর্জ্যপাত রোধ ও পরিবেশ রক্ষায় শতাধিক তালগাছ রোপণ করা হয়েছে স্থানীয় সমাজসেবক ওয়াসিম সাজ্জাদ লিখনের ব্যক্তিগত উদ্যোগে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো ইতোমধ্যে এলাকাজুড়ে মনোরম ও শোভাবর্ধক পরিবেশ তৈরি করেছে।

তবে সম্প্রতি কয়েকটি গাছ মারা যাওয়া এবং কিছু গাছের পাতা শুকিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। 

এবিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিয়র রহমান জানান, সম্প্রতি ধানখোলা ইউনিয়নের কিছু স্থানে চার-পাচ বছর বয়সী বেশ কিছু তালগাছ রেড পাম উইভিল (কাণ্ড ছিদ্রকারী গুবরে পোকা) দ্বারা আক্রান্ত হয়েছে।  

তিনি বলেন, এটি মেহেরপুর জেলায় নতুনভাবে শনাক্ত হওয়া একটি সমস্যা, যা আগে এতটা লক্ষ্য করা যায়নি।

কৃষি কর্মকর্তা জানান, রেড পাম উইভিল সাধারণত গাছের কাণ্ডে ফাটল বা ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে বের হওয়া লার্ভা কাণ্ডের ভিতরে প্রবেশ করে নরম অংশ খেতে থাকে, ফলে গাছ ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। শেষ পর্যায়ে গাছ হঠাৎ ভেঙে পড়ে বা শুকিয়ে মারা যায়। সমস্যার প্রাথমিক পর্যায়ে বাইরে থেকে আক্রান্ত গাছ শনাক্ত করা কঠিন হওয়ায় ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে।

তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আক্রান্ত গাছে ক্লোরপাইরিফস বা ইমিডাক্লোরোপ্রিড প্রয়োগ এবং নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। তিনি অতি শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে গাছের পোকা দমনে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দিয়েছেন।

স্থানীয়রা আশা করছেন, এলাকায় নতুনভাবে শনাক্ত এই সমস্যার দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগটি সফলভাবে টেকসই করা সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন