পদ্মার পানি বাড়তেই শরীয়তপুরের জাজিরায় আবার নদীভাঙন

শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর)

প্রকাশ: ১৫:৪৫, ৯ আগস্ট ২০২৬

পদ্মার পানি বাড়তেই শরীয়তপুরের জাজিরায় আবার নদীভাঙন

​শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়নে পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে। গত বছর শত শত পরিবার বসতভিটা, আবাদি জমি ও জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়েছিল, যার ক্ষত নদীপাড়ের মানুষ এখনও বয়ে বেড়াচ্ছেন। স্বাভাবিক জীবনে ফেরার আগেই চলতি বর্ষায় নতুন করে ভাঙন শুরু হওয়ায় নদীতীরবর্তী জনপদে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​নদীভাঙন রোধে প্রায় ১,২০২ কোটি টাকা ব্যয়ে ১০.৬৭ কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বর্ষা শুরুর আগেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে ধীরগতিতে কাজ চলায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাথুরিয়া এলাকাসহ বিভিন্ন অংশে প্রতিদিনই জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

​পালেরচরের স্হানীয় বাসিন্দা  জানান, তীর রক্ষা বাঁধের কাজ চললেও পদ্মার আগ্রাসন থামছে না। আরও সর্বস্ব হারানোর আগেই সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

​কাথুরিয়ার স্থানীয় অধিবাসীরা জানান, বাঁধের কাজ আশার আলো দেখালেও কাজের ধীরগতির কারণে বর্ষার মুখে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

​পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফরাজী জানান, গত ১০–১২ দিন ধরে টানা ভাঙন চলছে এবং সম্প্রতি হঠাৎ করে ২৫ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নেবে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে।

​শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, প্রকল্পের একটি অংশের নকশা পরিবর্তন এবং প্রায় ২ কিলোমিটার অংশের অনুমোদনে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। তবে ১,২০২ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে ২৬০ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার অংশের কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ও ভাঙনের ঝুঁকি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

​বর্ষায় নদীপাড়ের মানুষের দাবি একটাই—ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ শেষ করে স্থায়ীভাবে নদীভাঙন রোধ করা হোক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন