নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবৈ কাজিরবাগ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভগ্নিপতি মাসুম মিয়ার অভিযোগ, মাদ্রাসার দপ্তরি মামুনের সঙ্গে তাঁদের পরিবারের পূর্ববিরোধ ছিল। এর জেরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন ইয়াছিনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধরের একপর্যায়ে মামুন ছুরি দিয়ে পেটে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

মাসুম মিয়া জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে ইয়াছিনের মৃত্যুর পর ঘটনাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন