ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২:০০, ২১ আগস্ট ২০২৬
নিহত কাউসার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আলীম হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউসার ও অভিযুক্ত লিখন একই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। পড়াশোনার সুবাদে তারা ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকায় একটি মেসে একসঙ্গে থাকতেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজার করা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লিখন ছুরি দিয়ে কাউসারের ঘাড়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছুরিকাঘাতে গুরুতর আহত কাউসারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত লিখনও আহত হয়েছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কী কারণে বা জার করা নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধের সূত্রপাত এবং ছুরিকাঘাতের প্রকৃত কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।