আনোয়ারুল ইসলাম রনি, রংপুর
প্রকাশ: ১০:২৬, ২৩ আগস্ট ২০২৬
শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাসাটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের কাউকে দেখা না যাওয়ায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসাসেবা দিতেন বলে জানা গেছে।
ঘটনাটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ ও সময় জানতে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পরে চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার তদন্ত দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।