বাঘায় চোরাই স্বর্ণালংকারসহ যুবক গ্রেপ্তার

সাব্বির আহামেদ, বাঘা (রাজশাহী) :

প্রকাশ: ২১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাঘায় চোরাই স্বর্ণালংকারসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় সাগর আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়েছে।

বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বাঘা থানার একটি বাড়িতে পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে দিনের বেলায় প্রবেশ করে চারটি হাতের বালা, একটি মোবাইল ফোনসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী বাঘা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি ৪(৯)২৬ নম্বরে এবং দণ্ডবিধির ৪৫৪/৩৮০/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসএসআই মহিদুল ইসলাম তদন্ত শুরু করেন। পরে ২৪ সেপ্টেম্বর বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি এলাকার রামপাড়া গ্রাম থেকে আকবর আলীর ছেলে সাগর আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাগর আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে দুটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাগর আলীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, অপরাধী যত সূক্ষ্মভাবেই অপরাধ সংঘটনের চেষ্টা করুক না কেন, ঘটনাস্থলে কোনো না কোনোভাবে অপরাধের চিহ্ন রেখে যায়। তদন্তের মাধ্যমে সেসব চিহ্ন শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: