সুনামগঞ্জে স্টোন ক্রাশারে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মোঃ জানে আলম, সুনামগঞ্জ

প্রকাশ: ১৩:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্টোন ক্রাশারে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জে বায়ুদূষণকারী অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণকারী চারটি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণকারী ও পরিবেশবিনষ্টকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন