ঝর্ণা পুনরুজ্জীবনে জোর পার্বত্য মন্ত্রীর

চিংনুমং,মারমা, বান্দরবান

প্রকাশ: ২২:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঝর্ণা পুনরুজ্জীবনে জোর পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামে পানীয় জলের সংকট নিরসনে প্রাকৃতিক ঝর্ণা বা স্প্রিংশেড পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

​আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি/ইসিমোড)-এর একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

​বৈঠকে মন্ত্রী সাচিং প্রু বলেন, “পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হলো পানি। পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে প্রাকৃতিক ঝর্ণাগুলোকে রক্ষা ও পুনরুজ্জীবিত করতে হবে। ইসিমোড-এর প্রদর্শিত সফল সমাধানগুলো পুরো পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।”

​তিনি স্থানীয় পানি সংকট দূরীকরণে ইসিমোড-এর ‘এইচআই-সিএএস’ (HI-CAS) প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানান এবং এটিকে সরকারের অন্যতম উন্নয়ন অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে পাহাড়ি অঞ্চলের মানুষের জলবায়ু অভিযোজন, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। তথ্য-ভিত্তিক ও স্থানীয় উপযোগী সমাধানের মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

​সাক্ষাৎকালে ইসিমোড-এর পক্ষে বাংলাদেশে সংস্থার কান্ট্রি ফোকাল মাহমুদ আল হক পাটোয়ারী, এইচআই-সিএএস প্রকল্পের সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর জেসিকা এমিলি ফুলউড ও কান্ট্রি প্রজেক্ট অফিসার মো. তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক বৈঠকে অংশ নেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন