ঠাকুরগাঁওয়ে কুকুরে মুখে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

মোঃ সাব্বির আহমেদ, ঠাকুরগাঁও

প্রকাশ: ০২:২৬, ২ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে কুকুরে মুখে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর তীরে মাছ ধরতে গিয়ে একটি কুকুরের মুখে নবজাতকের মরদেহ দেখতে পান এক নারী। বৃহস্পতিবার সকালে উপজেলার কুলিক নদীর তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর ধারে মাছ ধরছিলেন হালিমা বেগম। এ সময় হঠাৎ তার নজরে আসে, একটি কুকুর নবজাতকের নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে। বিষয়টি দেখে তিনি দ্রুত কুকুরটিকে তাড়িয়ে দেন এবং ঘটনাটি তার ছেলে রবিউল ইসলামকে জানান।

পরে রবিউল ইসলাম জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, নবজাতকের মরদেহটি সেখানে কীভাবে এলো, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও শহরের একটি ড্রেন থেকেও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এ ধরনের দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন