কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯

মোত্তাসিম সিকদার রাজীব, গাজীপুর

প্রকাশ: ১০:৫০, ১৪ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯

গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকার মান্নান প্লাজার ওই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই হোটেলটিতে এসব কার্যক্রম চালানো হতো। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন।

অভিযোগ রয়েছে, এর আগে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে কথিত অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন