জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৩, ২৬ অক্টোবর ২০২৬

জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় জহির ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওই রাতে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ব্যক্তি তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করা হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে মামলার বিবরণে বলা হয়েছে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন