মোঃ আজিজুর রহমান, নোয়াখালী
প্রকাশ: ১১:১৯, ২৮ অক্টোবর ২০২৬
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় সংগঠনটির অসংখ্য নেতাকর্মী গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন। অনেকে জীবনও উৎসর্গ করেছেন।
তারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে আসেন। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু, পৌরসভা যুবদল নেতা সিরাজুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা রনি সারোয়ারের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। ব্যানার-ফেস্টুনসহ মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।