কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৭:১৮, ২৯ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৫৬) নামের জেলা পরিষদের এক কর্মচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার হোসেন কিশোরগঞ্জ জেলা পরিষদের অফিস সহায়ক ছিলেন। সকালে সাইকেলে করে অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন মুক্তার হোসেন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের স্টেনোগ্রাফার রুপা বিশ্বাস। তিনি বলেন, ‘মুক্তার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। সকালে অফিসে আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজখবর নিই। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।