মোঃআহছান উল্লাহ, কুমিল্লা
প্রকাশ: ১৫:২৭, ৪ নভেম্বর ২০২৬
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বারামুল্লা জেলার সোপর (সুপুর) এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার আলতাফ হোসাইন রাথারের ছেলে।তিনি ইস্টার্ন মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৫ম বর্ষের এমবিবিএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার থেকেই তাঁর ওল্ড কারিকুলামের অধীনে দ্বিতীয় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা (মাইক্রোবায়োলজি বিষয়) শুরু হওয়ার কথা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান।সেখান থেকে খাওয়া-দাওয়া শেষে রাত ১২টা ৫ মিনিটের দিকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন।সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে আদনানের মা নিগাদ বেগম বাদী হয়ে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মোঃসেলিম জানান, আদনান আলতাফ দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।তাঁর এই বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে কলেজ কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতে গত ৩১ অক্টোবর থেকে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাস কোয়ার্টারে থাকার ব্যবস্থা করা হয়েছিল।মায়ের সাথেই তিনি সেখানে অবস্থান করছিলেন।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জিত এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর জিডি মূলে পুলিশ প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছিল।আজ সকাল ৭টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মহাসড়ক সংলগ্ন জলাশয় থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।পরবর্তীতে নিখোঁজ আদনানের পরিবার ও কলেজ কর্তৃপক্ষ লাশটি শনাক্ত করেন।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্ত শেষেই জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এদিকে পরীক্ষা শুরুর দিনই বিদেশি শিক্ষার্থীর এমন রহস্যজনক মৃত্যুতে ইস্টার্ন মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ভারতীয় ছাত্র-ছাত্রীদের মাঝে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শীর্ষ সংবাদ: