রাজশাহীতে কৃষিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করলেন রাসিক প্রশাসক

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহী 

প্রকাশ: ১৯:৫৪, ৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে কৃষিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করলেন রাসিক প্রশাসক

সরকারি সফরে রাজশাহীতে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় মন্ত্রী ও রাসিক প্রশাসকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিমানবন্দরে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারাও মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সফরসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। সভায় রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটোর চাষ সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ে রাজশাহীর বিভিন্ন সম্ভাবনাময় উৎপাদন এলাকা পরিদর্শন করবেন মন্ত্রী। এ সময় আমবাগান, লিচুবাগান এবং হলুদ ও তুলার আন্তঃফসল চাষের এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

একই দিন বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনাময় কৃষি উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আম, লিচু, কাঁচা মরিচ ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

মন্ত্রীর এ সফরে রাজশাহী অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ এবং কৃষক ও উৎপাদনকারীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন