নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৯, ৭ নভেম্বর ২০২৬
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পিরোজপুরের নেছারাবাদে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠী প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গভীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে দেশের জন্য অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষ পর্বে পরিবেশিত দেশাত্মবোধক গান পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন, মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে জাগ্রত করেছে।
শীর্ষ সংবাদ: