মোঃ আনোয়ার হোসাইন, জামালপুর
প্রকাশ: ১৬:০৪, ৯ নভেম্বর ২০২৬
সরেজমিনে জামালপুর সদর উপজেলার দিগপাইত, রশিদপুর, তিতপল্লা ইউনিয়নসহ বিভিন্ন জনপদ ঘুরে দেখা গেছে, কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড রোদ উপেক্ষা করে ব্যস্ত সময় পার করছেন ক্ষেতের পাকা ধান কাটতে। সোনালী ধানে খেতগুলো ভরে থাকায় চারপাশের দৃশ্য যেন এক অপরূপ রূপ ধারণ করেছে। ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠেই চলছে মাড়াইয়ের কাজ। কেউ কাস্তে হাতে ধান কাটছেন, কেউ সেগুলো মাথায় বা ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ আধুনিক মেশিনের সাহায্যে ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো সার ও সেচ পাওয়ায় এ বছর ধানের ফলন বেশ ভালো হয়েছে। তবে ধানের ফলন ভালো হলেও বাজারে এর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন অনেক প্রান্তিক কৃষক।
দিগপাইত এলাকার এক কৃষক বলেন, "এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। ক্ষেতের ধান ঘরে তোলার আনন্দই আলাদা। তবে সার, কীটনাশক ও শ্রমিকের যে বাড়তি দাম, সে তুলনায় ধানের সঠিক দাম পেলে আমাদের আসল কষ্ট সার্থক হবে।"
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুর জেলায় ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ধান কাটা ও মাড়াইয়ের বিষয়ে সহায়তা করছেন।
কৃষকের অক্লান্ত পরিশ্রম আর সোনালী ফসলের হাসিতে এবারও জামালপুরের গ্রামীণ অর্থনীতিতে সচ্ছলতা ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
শীর্ষ সংবাদ: