জামালপুরের নান্দিনায় ভেজাল মসলা তৈরি ৩ কারখানা সিলগালা

​জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:০২, ৯ নভেম্বর ২০২৬

জামালপুরের নান্দিনায় ভেজাল মসলা তৈরি ৩ কারখানা সিলগালা

জামালপুরের নান্দিনায় পচা মরিচ, ইন্ডাস্ট্রিয়াল রঙ ও কাঠের গুঁড়া দিয়ে ভেজাল মসলা তৈরির অপরাধে তিনটি কারখানা সিলগালা এবং চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযুক্তদের সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬ খ্রি.) নান্দিনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমন হোসেন।

​প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নান্দিনার বিভিন্ন মসলা তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোতে মরিচ গুঁড়া তৈরিতে পচা ও উচ্ছিষ্ট মরিচ ব্যবহার, মরিচের গুঁড়ায় ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙ মেশানো এবং ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া মেশানোর চাঞ্চল্যকর প্রমাণ পাওয়া যায়।

​নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত চার ব্যক্তিকে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা ভেজাল মসলা ও অন্যান্য আলামত বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ও মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায় জনস্বাস্থ্য রক্ষার্থে ভেজাল মসলা উৎপাদনকারী সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন