ভূঁইগড়ে ট্রাকচাপায় বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত, আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:১৭, ২৭ নভেম্বর ২০২৬

ভূঁইগড়ে ট্রাকচাপায় বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত, আহত ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় বাজার এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ভূঁইগড় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ছিলেন। আহত আবু হানিফও একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাইনবোর্ড এলাকা থেকে আসা একটি পুরোনো খালি ট্রাক ভূঁইগড় বাজারের সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মাওলানা আকরাম হোসেনের মৃত্যু হয়। ট্রাকটির ধাক্কায় সড়কের পাশে থাকা কাঁচা সবজি বিক্রেতাদের কয়েকটি ভ্যানগাড়িও ভেঙে যায়।

আহতদের মধ্যে রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২) রয়েছেন। তাঁদেরসহ আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত আকরাম হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধড়িচর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

দুর্ঘটনার পর নিহতের মরদেহ মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল করানো হয়। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা সেখানে জানাজা ও দাফনের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে ছুটে যান নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ, উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম, বাস মালিক সমিতির নেতারা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা।

এ ঘটনায় নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন