ভালুকায় একদিনে চার সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাচ্চু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশ: ২১:২১, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৪, ২৮ নভেম্বর ২০২৬

ভালুকায় একদিনে চার সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাচ্চু

ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ করতে একদিনে চারটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (MRIDP) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ভালুকার বাস্তবায়নে এসব সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রকল্পের আওতায় আংগারগারা-আওলিয়াচালা সড়কের ৫০০ মিটার, চানপুর-পাঁচগাঁও সড়কের ২ হাজার ১০০ মিটার, তামাট বাজার-আংগারগারা আরঅ্যান্ডএইচ সড়কের ৪০০ মিটার এবং আংগারগারা বাজার (ডাকাতিয়া ইউনিয়ন)-বাটাজোর সড়কের ৮০০ মিটার অংশের উন্নয়ন করা হবে।

এলজিইডি সূত্রে জানা গেছে, আংগারগারা-আওলিয়াচালা সড়কের উন্নয়নকাজে চুক্তিমূল্য ৬১ লাখ ৩২ হাজার ২৫৯ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স শাহ সুলতান কনস্ট্রাকশন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

চানপুর-পাঁচগাঁও সড়কের উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ২৭২ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মুসকান ট্রেডার্স, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

তামাট বাজার-আংগারগারা আরঅ্যান্ডএইচ সড়কের উন্নয়নকাজে চুক্তিমূল্য ৪৩ লাখ ৩৮ হাজার ২২৬ টাকা। এ কাজ বাস্তবায়ন করবে মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ, গফরগাঁও, ময়মনসিংহ।

এ ছাড়া আংগারগারা বাজার (ডাকাতিয়া ইউনিয়ন)-বাটাজোর সড়কের উন্নয়নকাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ লাখ ৭২ হাজার ৭৯৬ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ, ফুলপুর, ময়মনসিংহ।

চারটি সড়কের উন্নয়নকাজে সর্বমোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৫৫৩ টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উছমান গনী মল্লিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠানসহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন