আ. লীগের নাশকতা রোধে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ড্রোন ও মোটরসাইকেল মহড়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১:২৮, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১, ২৮ নভেম্বর ২০২৬

আ. লীগের নাশকতা রোধে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ড্রোন ও মোটরসাইকেল মহড়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামী রোববার ও সোমবারের (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা শহরে ড্রোন ওড়ানোর পাশাপাশি মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া পরিচালনা করেছেন পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শহরের পুনিয়াউট মোড় থেকে এই নিরাপত্তা মহড়া শুরু হয়। এ সময় আকাশপথে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হয়। পাশাপাশি হুইসেল বাজিয়ে পুলিশের একটি মোটরসাইকেল বহর চট্টগ্রাম সিলেট মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রধান সড়কগুলো ঘুরে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।

মহড়া চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউন কর্মসূচিকে ঘিরে অগ্নিসংযোগ, ভাঙচুর বা যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করে ওসি খাইরুল আলম আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার অনুরোধ জানানো হচ্ছে।

একই সঙ্গে যেকোনো সন্দেহজনক তৎপরতা বা পরিস্থিতি সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন