আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫৩, ২৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলার ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচটিই হবে বাংলাদেশের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

তামিম আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।’

মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’

আরও পড়ুন